
নবজাতক নাতনীকে হত্যার দায়ে দাদি পরমেশ্বরীকে গ্রেফতার করেছে পুলিশ
ভারতের ব্যাঙ্গালুরুতে ছেলের কন্যা সন্তান হওয়ায় ৭ দিনের নবজাতককে ছাদ থেকে হত্যা করার দায়ে পরমেশ্বরী দেবী নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গত শুক্রবার (নভেম্বর) রাতে ব্যাঙ্গালুরুর মেদারাল্লি এলাকায় এই ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া'র একটি খবরে বলা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তামিলসেলভি নামের এক নারী। কিন্তু ছেলে সন্তান না হওয়ায় অসন্তুষ্ট হন তার শাশুড়ি। শুক্রবার রাতে ওই নবজাতককে শাশুড়ির জিম্মায় রেখে বাথরুমে যান তামিলসেলভি। কিন্তু ফিরে দেখেন তার মেয়ে কোথাও নেই। এ ব্যাপারে শাশুড়িকে জিজ্ঞেস করলে তিনি বলেন, কয়েকজন লোক তাদের বাসায় ঢুকে শিশুটিকে জোর করে নিয়ে গেছে।
শাশুড়ির কথায় সন্দেহ হয় গৃহবধূর। মেয়েকে কোথাও না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শিশুটির মাথায় গভীর ক্ষতচিহ্ন পায় পুলিশ। পরে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের নাতনীকে ছাদ থেকে ফেলে হত্যার কথা স্বীকার করেন দাদি পরমেশ্বরী।
এ ঘটনায় শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতার করে পুলিশ।
[ঢাকা ট্রিবিউন : ১ ডিসেম্বর, ২০১৯]
Comments
Post a Comment